| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মুখর পুরো শহর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 752 বার পঠিত
ফেনীতে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মুখর পুরো শহর
ছবির ক্যাপশন: ফেনীতে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মুখর পুরো শহর


স্টাফ রিপোর্টার :

বাংলা নববর্ষকে বরণ করতে ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো শহর। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনে নববর্ষকে স্বাগত জানায় সর্বস্তরের মানুষ।

সকাল ৮টায় ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে পিটিআই মাঠে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ স্থান পায়। প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা, যেখানে প্রায় ৪০টি স্টল বসানো হয়েছে। শিশুদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনও রাখা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবীন নেওয়াজ এবং সিভিল সার্জন ডা. রুবায়েত বিন করিম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।

এদিকে, বর্ষবরণ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে পৃথক আয়োজনও ছিল চোখে পড়ার মতো। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে পান্তাভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবি পার্টির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) আয়োজন করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কড়া ব্যবস্থা। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালিয়ানা ঐতিহ্যের রঙে রঙিন হয়ে ওঠে ফেনীর এবারের নববর্ষ উদযাপন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group