| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে চলাচলের পথে দেয়াল, হামলা আতঙ্কে প্রবাসী পরিবার!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 15 বার পঠিত
সোনাগাজীতে চলাচলের পথে দেয়াল,   হামলা আতঙ্কে প্রবাসী পরিবার!
ছবির ক্যাপশন: সোনাগাজীতে চলাচলের পথে দেয়াল হামলা আতঙ্কে প্রবাসী পরিবার!


স্টাফ রিপোর্টার:

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে একটি প্রবাসী পরিবারের চলাচলের পথে দেয়াল নির্মাণ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই গ্রামের ফকির মোহাম্মদ বাড়ির শফিউল্লার ছেলে মো. শহীদ (৫০), শাহজাহান (৪০) ও মো. সিরাজ (৬৫) বহিরাগত লোকজন নিয়ে তাদের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ জোরপূর্বক বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করেন। এ সময় বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবারটির দাবি, মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ মোস্তফা ও তার ছেলে গোলাম মাওলা ফয়সাল দীর্ঘদিন ধরে ওই পথ ব্যবহার করে আসছিলেন। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘর থেকে বের হতে গেলেই তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে কেউ তাদের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছেন না। এলাকায় একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান না হওয়ায় তারা আইনের আশ্রয় নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রবাসী মোহাম্মদ মোস্তফা বলেন, “আমাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেয়াল টপকে রাস্তায় যেতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি বিদেশে চলে গেলে আমার স্ত্রী-সন্তানদের ক্ষতি করারও ভয় দেখানো হচ্ছে। অতীতেও বিভিন্ন সময় আমার ও পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। আমি প্রশাসন ও সরকারের কাছে আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. শহীদ বলেন, “আমরা প্রায় ১০ বছর আগে ঘর নির্মাণ করেছি। তারা চার থেকে পাঁচ মাস আগে ঘর করেছে। তারা তাদের উঠান আমাদের ঘরের চেয়ে উঁচু করায় বৃষ্টির পানি আমাদের ঘরে প্রবেশ করে। এ বিষয়টি নিয়ে আমরা সমাজের লোকজনের কাছে গিয়েছিলাম। তাদের উঠানের লেভেল ঠিক করার জন্য বলেছিলাম, কিন্তু তারা তা করেনি। এরপর আমরা আমাদের জায়গায় দেয়াল নির্মাণ করেছি।”

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group