ছাগলনাইয়া প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় সুলতানা পাম্প সংলগ্ন চৌধুরীপাড়ার রাস্তার মাথায় এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
নিহতরা হলেন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২০)। ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।
নিহত শাওন ফেনীর ‘হোমপ্লাস’ সুপার শপের হিসাব বিভাগে চাকুরী করতেন।
নিহত শাওনের মামা এমরান পাটোয়ারী জানান, শাওনসহ তাদের কয়েকজন বন্ধু গত বুধবার রাতে চট্টগ্রামের সিতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার সকালে বন্ধুরা মিলে মোটরসাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। শাওন ও জিসান একই মোটরসাইকেলে ছিলেন। মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জিসান ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু চট্টগ্রামের দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |